রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও মো. রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্র জানায়, সকাল ৯টার দিকে কর্মকর্তারা হাসপাতালে প্রবেশ করে বিভিন্ন দফতর পরিদর্শন করেন। এ সময় দেখা যায়, অধিকাংশ চিকিৎসক ও স্টাফ যথাসময়ে উপস্থিত হননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান রাজুও ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন। সিভিল সার্জনের দপ্তর থেকেও তার অনুপস্থিতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিযানে হাসপাতালের খাবার সরবরাহে অনিয়ম, ওষুধ বিতরণে শৃঙ্খলার অভাব এবং সার্বিক ব্যবস্থাপনায় দুর্ব্যবস্থার প্রমাণ মেলে। খাবার সরবরাহে মান বজায় রাখা হয়নি; এমনকি অন্য ব্যক্তির লাইসেন্স ব্যবহার করে খাবার সরবরাহের ঘটনাও ধরা পড়ে।
নতুন নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ভবনেও ফাটল ও অব্যবস্থাপনার চিত্র লক্ষ্য করেন দুদক কর্মকর্তারা।
দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, “অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। হাসপাতালের সার্বিক অবস্থা অত্যন্ত নাজুক। সরকারি সম্পদ অবহেলায় নষ্ট হচ্ছে। সংগৃহীত তথ্য যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





