ঢাকা, সোমবার: বড় অঙ্কের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশের তিন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
অভিযুক্ত তিন ব্যবসায়ী হলেন—এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, জেমকন গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
দুদক সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি চটপটির দোকান ও রেস্তোরাঁ ব্যবসার নামে ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং এসব প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড থেকে টাকা তুলে আত্মসাৎ করেন। এ মামলায় তাঁর সঙ্গে আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
জেমকন গ্রুপের মালিক ও সাবেক সাংসদ কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, তাঁর ৭ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে এবং ৪৫টি ব্যাংক হিসাবে ১০৯ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে।
এ ছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঋণের নামে এই বিপুল অর্থ তুলে আত্মসাৎ করা হয়েছে।





