পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন। তাঁদের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন।
২০২৩ সালের আগস্ট থেকে কারা হেফাজতে থাকা ইমরান খানের বিরুদ্ধে প্রায় ২০০ মামলা চলমান। ইমরান দাবি করেছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
চলতি মাসে আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আইনজীবী খালিদ ইউসুফ জানান, আজকের আপিলের পর কিছুদিনের মধ্যেই শুনানি শুরু হবে।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (এনএবি) তাঁদের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে মামলাটি দায়ের করে। ২০২৩ সালের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয় এবং ওই বছরের ২৭ ফেব্রুয়ারি তাঁকে ও তাঁর স্ত্রীকে অভিযুক্ত করা হয়।
২০২২ সালের ৯ এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা হয়। ২০২৩ সালের আগস্টে তাঁকে কারারুদ্ধ করা হয়। যদিও সাইফার ও ইদ্দত মামলায় তিনি খালাস পেয়েছেন, তবে তোশাখানা–২ মামলাসহ আরও বেশ কয়েকটি মামলায় তিনি এখনো অভিযুক্ত।





