সুপ্রিম কোর্ট প্রশাসন কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততা বজায় রাখতে এবং আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে। বুধবার (৮ জানুয়ারি) রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আদালতের অভ্যন্তরে দুর্নীতি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় উপস্থিত থাকতে হবে। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ বা বিলম্বে উপস্থিতি ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেককে নিজ নিজ ডেস্কে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে এবং কোনো কাজ অনিষ্পন্ন রাখা যাবে না।


নিরাপত্তার জন্য চ্যাপ্টার-XVIA-এর বিধি ৩-এর দফা ৪ অনুযায়ী, আদালত প্রাঙ্গণে মিছিল, স্লোগান, সভা বা বিক্ষোভে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া, আদালতের ভেতরে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক বা মাদক বহন করা যাবে না। নির্ধারিত পার্কিং ছাড়া অন্য কোথাও যানবাহন রাখা যাবে না।


দাপ্তরিক স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ফরমাল পোশাক পরিধান এবং অফিস আইডি কার্ড সঙ্গে নিয়ে চলা বাধ্যতামূলক। কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ, এবং দুর্নীতির প্রমাণ মিললে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


নির্দেশনার বাস্তবায়ন পর্যবেক্ষণে নিয়মিত তদারকি থাকবে। শাখা প্রধান ও সহকারী রেজিস্ট্রাররা হাজিরা খাতা ও ড্রেস কোড পর্যবেক্ষণ করবেন, আর ডেপুটি রেজিস্ট্রাররা আকস্মিক পরিদর্শন নিশ্চিত করবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।