দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে এক হাজার দুই শ’ টন ইলিশ রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপূজা উপলক্ষে ১,২০০ টন ইলিশ রফতানি করা হবে। এ জন্য আগ্রহী রফতানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদন অবশ্যই হার্ড কপিতে জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদফতরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের আগেই যারা আবেদন করেছেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে।





