চলতি মাসের শেষে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনলাইনে বিশেষ সভা ডাকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সভায় আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম ও সিনিয়র সচিব নাসিমুল গণি দিকনির্দেশনা দেবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৮ দফা নির্দেশনা দেওয়া হবে। এর মধ্যে গুরুত্ব পাচ্ছে—
পূজামণ্ডপে পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপির টহল জোরদার
প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে নজরদারি
প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
নারী দর্শনার্থীদের জন্য আলাদা নিরাপত্তা ও ইভটিজিং প্রতিরোধ
এ ছাড়া আতশবাজি–পটকা নিষিদ্ধ করা, বিসর্জনস্থলে আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্গম এলাকায় সাময়িক সড়ক মেরামতের নির্দেশনাও থাকবে।
সভায় শুধু দুর্গাপূজাই নয়, আসন্ন জাতীয় নির্বাচনকেও কেন্দ্র করে প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা দেওয়া হবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে আরও সজাগ থাকতে বলা হবে।
একই সঙ্গে শ্রমিক অসন্তোষ ও বিশ্ববিদ্যালয় অস্থিরতা নিয়েও কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি রয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ নিতে স্পষ্ট নির্দেশনা দেবেন উপদেষ্টা ও সচিব।





