সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের নিকটে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে হামলার পর কনস্যুলেট এলাকার আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ঘটনার পরপরই জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সামরিক উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। এর আগে একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসেও ড্রোন হামলার খবর পাওয়া যায়। সেখানে সামান্য ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।

সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, কনস্যুলেটের কাছে ড্রোন-সম্পর্কিত ঘটনায় সৃষ্ট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট দেশগুলো থেকে অ-জরুরি মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।