মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন— ‘২০ শতাংশ বাড়ি ভাড়া, দিতে হবে দিতে হবে।’
আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মেনে নেওয়া না হলে দুপুর ১২টায় পূর্বঘোষণা অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনমুখী ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব আবুল বাশার জানান, সরকারের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও দাবি পূরণ হয়নি। তিনি বলেন, “সরকার বুধবার রাতে ১০ শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব দিয়েছে। তবে আমরা স্পষ্ট করে জানিয়েছি— ২০ শতাংশ না হলে আন্দোলন থামবে না।”
আবুল বাশার আরও বলেন, “আজ দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে।”
ময়মনসিংহ থেকে আসা এক মাধ্যমিক শিক্ষক মেহেদী হাসান অভিযোগ করেন, সরকার প্রথমে ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রতিশ্রুতি দিলেও পরে মাত্র ৫০০ টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে, যা শিক্ষকদের প্রতি ‘অপমানজনক’।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার প্রতিশ্রুতি রক্ষা না করা পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।





