দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে এ আদেশ দেন।
গত ৫ মার্চ আনিস আলমগীর হাইকোর্ট থেকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পান। তবে দুদকের আরেকটি মামলার কারণে তিনি মুক্তি পাননি।
গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে আনা হয়। এরপর ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
আদালত এই মামলায় তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং সেদিন থেকে তিনি আটক রয়েছেন।





