সরকার ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি—এই দুটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। প্রতি বছর দিনগুলো বিশেষভাবে পালিত হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে “ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ” প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা।

আরও বলা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন ও অবদান উদযাপন এবং ঐতিহাসিক ঘটনাগুলো সংরক্ষণের লক্ষ্যে একটি বার্ষিক ক্যালেন্ডার প্রণয়ন করা হচ্ছে। সেই ক্যালেন্ডারে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী (৭ অক্টোবর) ও বিডিআর বিদ্রোহ দিবস (২৫ ফেব্রুয়ারি) অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি দুটি দিবস জাতীয়ভাবে উদযাপিত হবে।