তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন। তিনি গত মে থেকে রাজনৈতিক দলগুলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি করছে, সেই প্রসঙ্গে এই মন্তব্য করেছেন।


রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা বলেন, “আমি দুই মাস ধরে জানি না কখন পদত্যাগ করব, অর্থাৎ কখন নামব তা স্পষ্ট নয়।”


তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে বলা উচিত, যারা এখানে কাজ করছেন তাদের কাজ করতে দিতে হবে, সহযোগিতা করতে হবে এবং বাধা দেওয়া যাবে না।” একই সঙ্গে জানান, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানানো শুরু করেছে এবং এ দাবি তার সরকারি বাসভবন থেকেও শোনা গেছে।


মাহফুজ আলম আরও জানান, সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে বিল পাসের পুরো প্রক্রিয়ায় মোট ১৮টি ধাপ রয়েছে। যদিও তিনি দুই মাস আগে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন, তবুও এখনও কাজ দ্বিতীয় ধাপে আটকে রয়েছে।


তিনি শপথ গ্রহণের পরের পরিস্থিতি তুলে ধরে বলেন, “অন্য উপদেষ্টারা গত আগস্টে দায়িত্ব নিয়েও কী করবেন বুঝে উঠতে পারেননি, আর আমি এমন সময়ে দায়িত্ব নিয়েছি যে পরদিনই পদত্যাগ করতে হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”


\r\n\r\n\r\n\r\n\r\n

তবে সরকারের বর্তমান মেয়াদের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন পাস হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।