বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিকভাবে সক্রিয় এবং একাধিক মামলার আসামি একজন আওয়ামী লীগ নেতাকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে প্রশিক্ষণে অংশ নিতে দেওয়া হয়েছে।


অনুসন্ধানে জানা গেছে, মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আপেল মাহমুদকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি পেশায় একজন স্বাস্থ্য সহকারী। স্থানীয় সূত্র অনুযায়ী, আপেল মাহমুদের বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি জুলাই আন্দোলনের সময় সংঘটিত হামলার মামলা বলে জানা গেছে। অপর মামলাটিও রাজনৈতিক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট।

স্থানীয় বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের অভিযোগ, অতীতে আপেল মাহমুদ রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার ঘটনায় জড়িত ছিলেন। তাঁদের দাবি, এমন একজন ব্যক্তিকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হলে নির্বাচনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ ও বিতর্কমুক্ত হওয়ার কথা। পাশাপাশি ফৌজদারি মামলায় জড়িত ব্যক্তিদের দায়িত্বশীল নির্বাচনী পদে নিয়োগ না দেওয়ার বিষয়টিও নীতিমালায় গুরুত্ব পায়। সে ক্ষেত্রে দুই মামলার আসামি ও একটি রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ের কার্যনির্বাহী সদস্য কীভাবে নির্বাচনী দায়িত্ব পান—তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগে সরকারি কর্মচারীদের তালিকা থেকে নির্বাচন করা হয়। তবে কেউ যদি রাজনৈতিকভাবে সক্রিয় হন বা তাঁর বিরুদ্ধে মামলা থাকে, সেক্ষেত্রে বিষয়টি যাচাই করার সুযোগ রয়েছে।”

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর মোকামতলা ও আশপাশের এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, বিতর্কিত ব্যক্তিকে নির্বাচনী দায়িত্বে রাখলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ব্যাহত হতে পারে।

এ ঘটনায় নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ এবং বিতর্কিত নিয়োগ পুনর্বিবেচনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।