দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ অক্টোবর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। বেলা ১২টা পর্যন্ত যেসব শেয়ার ও ইউনিটের দর কমেছে, তার চেয়ে বেশি সংখ্যকের দর বেড়েছে। এ সময় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৩০৭ কোটি টাকার বেশি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৫ পয়েন্টে নেমেছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে এক হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর নির্বাচিত ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৮১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৫০টির কমেছে, আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।
বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ৩০৭ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। এই সময়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারে, যার পরিমাণ ১২ কোটি ৬৪ লাখ টাকার বেশি।
অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সব সূচকেই পতন দেখা গেছে। এর মধ্যে সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট কমে ৯ হাজার ২৬৬ পয়েন্টে নেমেছে।
এই সময়ে সিএসইতে ১০০টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেন হয়। এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৩৮টির কমেছে, আর ১৮টির দর অপরিবর্তিত ছিল। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৩৯ লাখ টাকায়।





