বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াতে ইসলামী গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে। তবে ৫ আগস্টের পর তারা মুক্ত হয়ে আবার নিজ নিজ দলে ফিরে গেছে।


\r\n

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট ট্রাক টার্মিনালে শহর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


\r\n

টুকু বলেন, জামায়াত কখনো কোনো কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি। “যখন তাদের বড় নেতাদের ফাঁসি কার্যকর হয়েছে, তখনও তারা ঘরে বসে থেকেছে। কেবল হরতাল দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেছে।”


\r\n

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা শ্রমিকদের কষ্টার্জিত অর্থ লুট করে নিয়েছে। “এই অর্থ জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে,” বলেন তিনি। বিএনপি জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে এবং তা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।


\r\n

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন টুকু। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “মিথ্যাচারের বিরুদ্ধে সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। জনগণকে বিভ্রান্ত হতে দেওয়া যাবে না।”


\r\n

দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।


\r\n

সভায় প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি জনগণের প্রকৃত প্রতিনিধি দল। সরকারের কূটকৌশল সত্ত্বেও জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে।


\r\n

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম। জেলা ও শহর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।