যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরানের জন্য সুবিধা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও জেদাল টেলিভিশনের উপস্থাপক আলি আলিজাদেহ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় ইরানের কাছে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে।

লন্ডন থেকে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় ইরানের প্রতিরক্ষা কৌশল তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। দেশটির অভ্যন্তরেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের সক্ষমতা থাকায় দীর্ঘমেয়াদি সংঘাতে ইরান সুবিধা পেতে পারে।

তিনি আরও বলেন, যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সরঞ্জামের মজুত কমে গেলে পরিস্থিতি তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

আলিজাদেহের মতে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াতে বাধ্য করেছে ইসরায়েল। তবে ইরানের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা সম্পর্কে পশ্চিমা বিশ্লেষণ যথেষ্ট গভীর নয় বলেও তিনি মন্তব্য করেন।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী সংঘাত মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।