আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন (সিআরআই) এখন ভারতের নয়াদিল্লিতে পরিচালিত হচ্ছে। সূত্রের খবর, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সিআরআই-এর দায়িত্বে রয়েছেন। পুতুল লুটিয়েন্স বাংলো জোনের একটি দোতলা ভবনকে কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। একই এলাকায় বসবাস করছেন শেখ হাসিনা।
সূত্র জানায়, সিআরআই মূলত তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে: অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা পরীক্ষা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব তৈরি এবং বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জনমত গঠন। প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে প্রচুর অর্থ বিনিয়োগ করছে।
সিআরআই ২০১০ সালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শুরু হলেও বর্তমানে কার্যক্রম গোপনভাবে পরিচালিত হচ্ছে। সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকায়, তার দায়িত্ব এখন পুতুলের হাতে। পুতুল নিয়মিত অফিস করে বিভিন্ন দেশে সিআরআই-এর কার্যক্রম পরিচালনা করছেন।
প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ভিডিও এবং বিভিন্ন নেটওয়ার্ক ব্যবহার করে রাজনৈতিক প্রচার ও জনমত গঠনের প্রচেষ্টা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়ে তাদের কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে।
সিআরআই’র লক্ষ্য দেশের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার এবং বিভিন্ন দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা, যাতে আওয়ামী লীগ সরকার পুনঃপ্রতিষ্ঠা পেতে পারে।





