ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। সোমবার তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে বহাল থাকবেন।

এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী থাকার পরেও তার ছোট ভাই মাহামুদ আলম লিটন নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুরশিদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২১ সালের ৭ অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়। তিন দিনের মাথায় আবারো সভাপতি পদ স্থগিত করে তাকে সাধারণ সদস্যপদ দেওয়া হয়। পরবর্তীতে ২০২২ সালের নভেম্বরে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলনে তিনি জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে মনোনীত হন। দীর্ঘ প্রায় ৫ বছর পর তাকে আবারও সভাপতি পদে পুনর্বহাল করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম।

এ ব্যাপারে অধ্যক্ষ খুরশিদ আলম মতি জানান, “আমি চিঠি পেয়েছি। আমি সবসময় বিএনপির জন্য দায়িত্ব নিয়ে কাজ করেছি। আগামীতেও সবাইকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাব।”