সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনখনন শুরু হবে।


এদিন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল সাড়ে ১০টায় পৌঁছাবেন। সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা-নানির কবর জিয়ারত করে সার্কিট হাউজ মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
এদিকে, তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রী তারেক রহমান নানা-নানির কবর জিয়ারত করবেন এ জন্য শেখ ফরিদপুর কবরস্থানে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে বলে জানিয়েছেন কবরস্থানের সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী।

দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত দিনাজপুর। শহরের বালুবাড়ীতে তার মা আপসহীন নেত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। এই মাটিতে কেটেছে প্রধানমন্ত্রীর কৈশোর, শৈশব। নানা ইসকেন্দার মজুমদার ও নানি বেগম তৈয়বা মজুমদার এবং বড় খালা প্রয়াত মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক শেখ ফরিদপুর কবরস্থানে শায়িত আছেন।’

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ।