দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৭ জুলাই) বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন—
শহীদুল আলম মামুন (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা), জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূঁইয়া।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





