মোহাম্মদ মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংক-এর ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি বাংলাদেশ ব্যাংকে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এর আগে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে চাকরি সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী তিনি বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রপ্তানি বাণিজ্য, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় দক্ষ একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি আইসিএমএবি-এর ফেলো এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, নতুন গভর্নরের নিয়োগের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে কিছু রদবদল আনা হয়েছে। গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদেও পরিবর্তন করা হয়েছে।





