বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে বিজয়ী করতে রাজপথে নেমেছেন হাজারো নারী। এতদিন ঘরে ঘরে ভোট প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার প্রকাশ্যেই মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রচারণায় অংশ নিচ্ছেন তারা।

সারাদেশে গণসংযোগকালে জামায়াতের নারী কর্মীরা বিএনপির নেতাকর্মীদের হাতে নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছেন—এমন অভিযোগের প্রেক্ষাপটে গত রোববার থেকে বগুড়ায় রাজপথে সক্রিয় হন জামায়াতের নারী কর্মীরা। তারা একদিকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে সারাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও জানাচ্ছেন।

গতকালের পর আজও সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার নারী মিছিল নিয়ে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা শুরু করেন। সকালে নামুজা ইউনিয়নের নারীরা প্রথমে মিছিল নিয়ে রাস্তায় নামেন। এতে নেতৃত্ব দেন বগুড়া-৬ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে।

পরবর্তীতে গোকুল ইউনিয়নের নারীরাও ফেস্টুন হাতে মিছিলে অংশ নেন। এখানেও অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মিছিলে নেতৃত্ব দেন। এরপর নুনগোলা ইউনিয়নের নারীরা মিছিল বের করেন। শত শত নারী দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে এসব মিছিলে অংশগ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের এই রাজপথের প্রচারণা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। এদিকে জামায়াতের নারী কর্মীদের প্রকাশ্য মাঠে নামার ফলে বগুড়া সদর আসনের ভোটের মাঠে নতুন আমেজ সৃষ্টি হয়েছে। নারী ভোটারদের সমর্থনই এই আসনে জয়ের প্রধান শক্তি হবে বলে আশা করছে জামায়াতে ইসলামী।