সুনামগঞ্জ প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জের দুটি আসনের দুইজন প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন-

সুনামগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী) মো. আনোয়ার হোসেন (তালা) এবং সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন (মোটরসাইকেল)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সারা দেশে মোট ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলার দুইজনও রয়েছেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগে আরও ১১ জন নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এদিকে দলীয় এই সিদ্ধান্তের ফলে সুনামগঞ্জের সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।