ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, যার তাণ্ডবে দগ্ধ হন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্কুল ছুটির সময় শিশুদের গেট পার করাচ্ছিলেন মাহরিন। এ সময় হঠাৎই বিমানটি স্কুল ভবনের একটি অংশে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। মারাত্মক দগ্ধ অবস্থাতেও তিনি শিশুদের নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা করেন।
মাহরিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
মাহরিনের স্বামী মনসুর হেলাল জানান, \"ওর শরীরের পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় আগুন লেগেছে। আমার মনে হয় শতভাগ দগ্ধ হয়েছে।\" তিনি আরও বলেন, লাইফ সাপোর্টে নেওয়ার আগে মাহরিন জানিয়েছিলেন, বাচ্চাদের নিয়ে স্কুল থেকে বের হওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায়ও তিনি শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যান।
এ দুর্ঘটনায় স্কুলে চরম আতঙ্ক বিরাজ করছে। সহকর্মী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা মাহরিনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার কারণ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





