সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে ইসরায়েলি সেনাবাহিনী গোলাবর্ষণ করেছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এই হামলা চালানো হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। হামলায় তিন ধরনের গোলাবারুদ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। খবর মিডল ইস্ট আই-এর।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ইখবারিয়া টিভি জানায়, কুয়া গ্রামের উত্তর-পশ্চিমাঞ্চলে গোলাবর্ষণের সময় তীব্র বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত মার্চ মাসেও একই এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে পাঁচজন নিহত হন। গত ডিসেম্বর মাসে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে দখল জোরদার করে নিরস্ত্রীকৃত বাফার জোন পর্যন্ত প্রসারিত করে—যা ১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল যুদ্ধ-পরবর্তী চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ রয়েছে।

আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদের ওপর শত শত বিমান হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ডিসেম্বর মাসে রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে ১৯৬৩ সাল থেকে টিকে থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। চলতি বছরের জানুয়ারিতে শারা নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।