কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষের কারণে থাইল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে রোববার কারফিউ জারি করা হয়েছে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
থাইল্যান্ডের ঘোষিত কারফিউ ত্রাত প্রদেশের পাঁচটি জেলায় কার্যকর হবে। এসব এলাকা কোহ কং প্রদেশের সীমান্তবর্তী। তবে জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ চ্যাং ও কোহ কুড কারফিউয়ের আওতার বাইরে রাখা হয়েছে। এর আগে পূর্বাঞ্চলীয় সাকেও প্রদেশেও কারফিউ জারি করা হয়েছিল, যা এখনও বহাল রয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ চলতি বছর একাধিকবার সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। মে মাসে এক সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর উত্তেজনা আবারও বৃদ্ধি পায়। এই সংঘাতে উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
থাইল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কংসিরি ব্যাংকে এক সংবাদ সম্মেলনে জানান, সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে। যদিও কম্বোডিয়া শনিবার যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, থাইল্যান্ড কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত, তবে আলোচনার আগে কম্বোডিয়াকে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
শনিবার থাই সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি সেতু ধ্বংস করেছে যা কম্বোডিয়া সীমান্তে ভারী অস্ত্র ও সরঞ্জাম পাঠাতে ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও তারা কোহ কং প্রদেশে মোতায়েন করা আর্টিলারির লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ করেছে যে থাইল্যান্ড বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।
গত সোমবার থেকে দুই দেশ তাদের ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের একাধিক স্থানে ভারী অস্ত্র দিয়ে পাল্টাপাল্টি গোলাবর্ষণ করছে। এটি জুলাই মাসে পাঁচ দিনব্যাপী সংঘর্ষের পর সবচেয়ে তীব্র লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল।





