থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার অনুষ্ঠিত ভোটে তিনি জয়ী হয়ে ক্ষমতাসীন ফেউ থাই পার্টির সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাথার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
\r\nগত মাসে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে বিতর্কিত ফোনালাপের ঘটনায় নৈতিক অসদাচরণের অভিযোগে আদালতের রায়ে পদচ্যুত হন পেতংতার্ন। আলজাজিরার খবরে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী এ রাজনীতিবিদ জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং দেশের সুনাম ক্ষুণ্ন করেছেন বলে আদালত রায়ে উল্লেখ করেছে।
\r\nভোটে অনুতিনকে সমর্থন দিয়েছে উদারপন্থি পিপলস পার্টি। তিনি ফেউ থাইয়ের প্রার্থী চাইকাসেম নিতিসিরিকে পরাজিত করেন। ৫০০ আসনের সংসদে সক্রিয় ৪৯২ সদস্যের মধ্যে ২৪৭টির বেশি ভোট পেয়ে অনুতিন সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন।
\r\nতার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন আহ্বান করা। এই অঙ্গীকারের কারণে ছোট দলগুলোর সমর্থনও তিনি পেয়েছেন।
\r\nভোট শেষে এখনো রাজা মহা ভাজিরালংকর্নের আনুষ্ঠানিক অনুমোদন বাকি রয়েছে। রাজকীয় অনুমোদন মিললেই কয়েক দিনের মধ্যেই দায়িত্ব নেবেন অনুতিন ও তার নতুন সরকার।





