ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচন তোমাদের চাওয়া ও প্রত্যাশার ফসল। এটি গণতান্ত্রিক চেতনা, গণঅধিকার এবং গণঅভ্যুত্থানের মূলমূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই নির্বাচন আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “তোমরা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসো। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ গঠনে কাজ করে যাচ্ছে। এবার তোমাদের পালা—তোমরাও সেই প্রক্রিয়ার অংশীদার হবে, এটাই আমাদের প্রত্যাশা।”
নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, “নারী শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো দেশ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে। তাদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান তোমরাই দিতে পারো।”
উল্লেখ্য, বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।





