আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। এরপর দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথ বাহিনীর ভূমিকা এবং আচরণবিধি অনুযায়ী শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার বিষয়। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গও আলোচনায় আসবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠক শেষে গণমাধ্যমের সামনে সভার সিদ্ধান্ত এবং আলোচনার সারসংক্ষেপ তুলে ধরা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।





