পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।


আজ সন্ধ্যায় ইসহাক দার অংশ নেবেন পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায়। এ অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।


রোববার সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন তিনি। পরে সকাল ১০টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এ সময় ব্যবসা-বাণিজ্যসহ ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক নির্ধারিত আছে। এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু স্থান পাবে।


পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইসহাক দারের এ সফরটি অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এটিই প্রথম।


প্রসঙ্গত, গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচ ঢাকায় আসার পর এই সফরের সময় ঠিক হয়েছিল। তবে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। আগামী সোমবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ইসহাক দারের।


কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরকালে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। এর অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসায় সাক্ষাৎ করতে পারেন তিনি। পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।