আফগানিস্তানে তালেবান সংশ্লিষ্ট হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’-এর প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অবস্থান জানায়।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ইমেইলে পাঠানো বিবৃতিতে বলেন, তালেবানের আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্র রয়েছে।
এদিকে মার্কিন কূটনীতিক অ্যালিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তিনি শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে কথা বলেছেন। ওয়াশিংটন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে।
চলমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয় পক্ষকে একে অপরের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।





