বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। তাঁর সঙ্গে একই ফ্লাইটে কারা আসছেন, তা নিয়েও রয়েছে বাড়তি কৌতূহল। জানা গেছে, পরিবারের সদস্যদের পাশাপাশি তাদের পোষা একটি বিড়ালও তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছে।
তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া একই ফ্লাইটে থাকবেন তারেক রহমানের দুইজন ব্যক্তিগত স্টাফ এবং পরিবারের পোষা সেই বিড়ালটি।
তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এ বিষয়ে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন গণমাধ্যমকে জানান, তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ও কন্যা একই ফ্লাইটে দেশে ফিরছেন। পরিবারের পোষা বিড়ালটিও তাদের সঙ্গে থাকছে।
এর আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও এখন পরিবারের সবার প্রিয় হয়ে উঠেছে। ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তাঁদের বাসায় একসময় কুকুর, হাঁস-মুরগি, ছাগল, কবুতর এবং বিভিন্ন পাখিও ছিল।
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর প্রথম তিন দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, বৃহস্পতিবার বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়কে নির্ধারিত স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন এবং সেখান থেকে গুলশান-২ নম্বরের বাসভবনে ফিরবেন।
২৬ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজের পর তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ২৭ ডিসেম্বর শনিবার জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কর্মসূচি রয়েছে।





