কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা। ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলা জুড়ে এই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ. জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে আবির আব্দুল্লাহ চৌধুরী একাধিকবার জয় বাংলা স্লোগান দেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি মঞ্চে আসার আগেই বক্তব্যে স্লোগান দেন।
আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলার বর্তমান সভাপতি। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি হাজার বার বলব—জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।”
এ বিষয়ে আবির আব্দুল্লাহ চৌধুরী বলেন, “জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে কিছু স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে।”





