বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাইপার প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে রিজভী এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে আরাফাত রহমান মারা গেছেন। তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন এবং পরে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা চালিয়েছেন।
এছাড়াও তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্ব ও বক্তব্যের কারণে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।





