মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: রাজনীতি
তারিখ: ১৮ ডিসেম্বর, ২০২৫
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
তারেক রহমানের প্রত্যাবর্তন: ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫
পড়ার সময়: 1 মিনিট
বিএনপি দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় নেতাকর্মীদের আগমনের সুবিধার্থে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের অনুরোধ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রেল মন্ত্রণালয়ে এ চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরবেন। তাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতা ও কর্মী ঢাকায় আসবেন। তাদের যাতায়াত সুবিধার জন্য ২৪ ডিসেম্বর রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে বিএনপি ইচ্ছুক। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে।
চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনব্বাগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটের জন্য একটির বেশি স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের অনুরোধ করা হয়েছে।
১৮ বছরের নির্বাসনের পর তারেক রহমান ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানের সঙ্গে দেশে ফিরবেন। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তারা বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবেন।
এদিকে, তার দেশে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি কাজ করছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যসচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরাটা ঐতিহাসিক হবে এবং সেটি স্মরণীয় করে রাখতে কমিটি যথাসাধ্য চেষ্টা করছে।