বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর থানার ৪৪নং ওয়ার্ডে বেগমগঞ্জ খাল ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয় এবং সেখানে কীটনাশক স্প্রে করা হয়। পরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়কের ডিভাইডার ও পাশের জায়গায় গাছ লাগান ইশরাক।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হচ্ছে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।





