বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে না পারেন, সে লক্ষ্যে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও জামায়াত নেপথ্যে চক্রান্তে লিপ্ত রয়েছে।

গতকাল (২৬ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।

জামায়াতকে ‘মুনাফিক’ আখ্যায়িত করে বরকত উল্লাহ বুলু বলেন, \"১৯৯৬ সালে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে ১৭৩ দিন হরতাল করেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে পেয়েছে মাত্র তিনটি আসন। এখন আবার পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে জনগণের বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা এসব বুঝি না—দেশে আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। তা না হলে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।\"

তিনি আরও বলেন, \"১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে নয়, ভারতের পক্ষে ভোট দিয়েছিল। তারা কখনো দেশের পক্ষে ছিল না, সবসময়ই দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র করেছে। এবারও ব্যতিক্রম নয়। পিআর পদ্ধতির আড়ালে নির্বাচন বানচালের ফন্দি করছে তারা।\"

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বরকত উল্লাহ বুলু বলেন, \"তিনি জনগণের মনের কথা বুঝে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। আমরা বিশ্বাস করি, একটি নির্বাচিত সরকারই দেশের শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলে যারা দেশের সম্পদ পাচার করেছে, নির্বাচিত সরকারই সেই অর্থ দেশে ফিরিয়ে আনবে।\"

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

এছাড়া স্থানীয় ও জেলা বিএনপির নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন।