বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গোটা বাংলাদেশ একসময় রাস্তায় নেমে এসেছিল। জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন যুবদলের ৭৯ জন ও ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী। যাঁর যেমন অবদান, তাঁকে তেমনই মূল্যায়ন করতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখতে হবে।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন কেবল কোনো দল বা ছাত্রসংগঠনের ছিল না—শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সেই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। একযোগে অংশগ্রহণের মাধ্যমেই স্বৈরাচারের পতন ঘটেছিল।”
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের মধ্যেই যদি চাঁদাবাজির অভিযোগ ওঠে, তাহলে আমরা কী চেয়েছিলাম? এত দ্রুতই যদি মূল্যবোধের অবক্ষয় ঘটে, তবে ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে?”
তিনি অভিযোগ করেন, “হাসিনার বিচার তো দেখা যাচ্ছে না। এক বছর পার হয়ে গেছে, প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ীদের এখনো গ্রেফতার করা হয়নি।”
সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে ফখরুল বলেন, “সরকার সংস্কারে কোনো অগ্রগতি দেখাতে পারেনি। যতই বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা হোক না কেন, দেশের মানুষ জানে কিভাবে লড়াই করে অধিকার আদায় করতে হয়। সেই চেতনায় তারেক রহমান আজও লড়াই করছেন—কীভাবে আবার বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা যায়।”





