রাজধানী ঢাকার খাল ও নদী দখলমুক্ত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
\r\nমঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশন-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
\r\nপ্রশাসক এজাজ জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিএনসিসি নগরীর পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১০৮ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে। খালের দুই পাড়ে সবুজায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
\r\nতিনি বলেন, “তরুণদের সম্পৃক্ত করে শহরকে সবুজায়নের দিকে নিয়ে যেতে চাই। উত্তরা দিয়াবাড়ি ও পূর্বাচলে পরিকল্পিত বনায়ন করা হবে। পূর্বাচলের খাল ও লেকগুলো নান্দনিকভাবে গড়ে তোলা হবে। পাশাপাশি বিমানবন্দরের পার্শ্ববর্তী খালি জায়গায় আরবান রিজার্ভ ফরেস্ট (শহুরে সংরক্ষিত বন) তৈরির পরিকল্পনাও রয়েছে।”
\r\nচাঁদাবাজির প্রসঙ্গে প্রশাসক বলেন, “শহরের চাঁদাবাজির বিরুদ্ধে তরুণদের সজাগ হতে হবে। তরুণদের প্রচেষ্টাতেই শহরকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব।”
\r\nঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. এ হামিদ খান, বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ ব্যাকস্ট্রোমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
\r\nউদ্যোগটির লক্ষ্য তরুণ সমাজকে নগর উন্নয়ন ও পরিবেশ রক্ষায় যুক্ত করে একটি বাসযোগ্য ও সচেতন ঢাকা গড়ে তোলা।





