নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তফশিল ঘোষণায় ভাষণের সব প্রস্তুতি চূড়ান্ত। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হতে পারে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসি সদস্য রহমানেল মাসউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশন তফশিল ঘোষণা করবে। ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা বিশেষভাবে গুরুত্ব পাবে।


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন, “বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মাধ্যমে তফশিল ঘোষণা হবে। ১১ ডিসেম্বরের মধ্যে তা নিশ্চিতভাবে প্রকাশ করতে হবে।”


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তফশিল ঘোষণা করবেন। জানা গেছে, ভোটগ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে। তফশিল ঘোষণার প্রস্তুতিতে ইতিমধ্যেই বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ডের জন্য চিঠি দেওয়া হয়েছে।


সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর বিকালে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এরপরই সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে বুধবার ঘোষণার ব্যবস্থা না হলে তফশিল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।