অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের কড়া নির্দেশ দিয়েছেন মো. আলী হোসেন ফকির।
সোমবার আইজিপির স্বাক্ষরে জারি করা এক নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। বিষয়টি সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে এবং এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিব্রত হচ্ছেন।
নির্দেশনায় আরও বলা হয়, এ ধরনের আচরণ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সরকারি দৈনন্দিন কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি করছে। এ কারণে এমন কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এর আগেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারক এবং পুলিশ সদর দপ্তরের পৃথক নির্দেশনার মাধ্যমে বিষয়টি দেশের সব ইউনিট ও জেলা পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল। কিন্তু এরপরও একই ধরনের ঘটনা ঘটতে দেখা যাওয়ায় আবারও নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পাশাপাশি পদোন্নতি, বদলি বা অন্য কোনো প্রশাসনিক বিষয়ে মন্ত্রণালয়ে গিয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকার জন্য পুলিশ সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মতে, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ধরনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।





