আইনজীবী শিশির মনির বলেছেন, বর্তমান ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির, কিন্তু এই নিয়ম বর্তমানে কার্যকর নয়।



বৃহস্পতিবার ঐতিহাসিক রায় ঘোষণার পর জামায়াতে ইসলামী’র পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি জানান, জুলাই সনদ গণভোটে অনুমোদন পেলে এবং নতুন সংসদের সংবিধান সংস্কার সভায় তা গ্রহণ করা হলে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবই নির্ভর করছে গণভোটের ফল ও পরবর্তী সাংবিধানিক সিদ্ধান্তের ওপর।


শিশির মনির আরও বলেন, আজকের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে। অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।


এদিন সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।