তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে করা আপিলের রায় আগামী ২০ নভেম্বর ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দশম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ রায়ের তারিখ নির্ধারণ করেছেন।
গত ৬ নভেম্বর নবম দিনে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার আগে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামী’র পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া শুনানি করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। তবে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে।
বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি এই বিলোপের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করেন। এরপর ওই রিভিউ আবেদনকে আপিলের জন্য অনুমোদন দেয়া হয় এবং ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়।
এর আগে গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করে।





