সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি:
মোঃ রিয়াদ প্রধান
বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পলাশবাড়ী উপজেলার ৫নং মাহাদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা—সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের এমপি প্রার্থী। তিনি তাঁর বক্তব্যে বলেন,
দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল তিনি বলেন,
তরুণ সমাজই আগামীর নেতৃত্ব দেবে। ইসলামি আদর্শে উদ্বুদ্ধ হয়ে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য ছাত্রসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
শেষে দোয়ার মাধ্যমে পথসভা সমাপ্ত হয়।





