ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শ্রেণির এক পরীক্ষায় শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে প্রশ্ন আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের 'পলিটিক্স অ্যান্ড ল: গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউশনস, ইন্সট্রুমেন্ট অ্যান্ড ইস্যুজ' কোর্সের চূড়ান্ত পরীক্ষায় তাঁর দুটি বক্তব্যের আলোকে মানবাধিকার আন্দোলনে তাঁর ভূমিকা বিশ্লেষণ করতে বলা হয়।
প্রশ্নপত্রে ওসমান হাদির 'জান দেবো, তবু জুলাই দেবো না' এবং 'আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই'- এই দুই উক্তি উল্লেখ করা হয়। পরীক্ষার্থীদের এসব বক্তব্যের ভিত্তিতে মানবাধিকারের পক্ষে তাঁর সংগ্রাম ব্যাখ্যা করতে বলা হয়।
একই প্রশ্নপত্রে 'আয়নাঘর' নিয়েও প্রশ্ন ছিল। সেখানে জানতে চাওয়া হয়, একটি 'সিস্টেমেটিক টুল' হিসেবে 'আয়নাঘর' কীভাবে স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল।
কোর্সটির শিক্ষক অধ্যাপক মো. শরীফুল ইসলাম বিষয়টি ব্যাখ্যা করে বলেন, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠদানে সমসাময়িক বাস্তবতা অনেক সময় উপেক্ষিত থাকে। অথচ জুলাই বিপ্লব, আয়নাঘর এবং শহীদ ওসমান হাদির আগ্রাসনবিরোধী প্রতিরোধ ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ের ধারণা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের উচ্চতর গবেষণায় আগ্রহী করতেই তিনি এসব বিষয়কে অ্যাকাডেমিক আলোচনায় এনেছেন।
তিনি আরও বলেন, চলতি ও গত বছরের পরীক্ষার্থীদের অনেকেই জুলাই বিপ্লবের অগ্রসৈনিক। তাদের সহযোদ্ধাদের কেউ শহীদ হয়েছেন, কেউ স্থায়ীভাবে আহত বা দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাই নিজেদের তৈরি ইতিহাস নিয়ে চর্চা করার অধিকার তাদের রয়েছে।





