রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধদের চিকিৎসায় সহায়তার জন্য বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ নার্স এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেন, “দুজন অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞ এবং একটি ছোট নার্সিং দল আজ (মঙ্গলবার) রাতেই ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে পাঠানো হচ্ছে দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতিও। প্রয়োজনে আরও চিকিৎসা সহায়তা পাঠানো হবে।”
এর আগে সোমবার (২১ জুলাই) বিকেলে দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স-এ দেওয়া এক বার্তায় শোক প্রকাশ করে বলেন, “এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
বিবিসির বরাতে জানা গেছে, ঢাকার পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল যে বেশিরভাগ আহতের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাই বিশেষায়িত চিকিৎসক, বার্ন ইউনিটে ব্যবহৃত যন্ত্রপাতি ও ওষুধপত্র প্রয়োজন। এই অনুরোধ পাওয়ার পরই ভারত দ্রুত পদক্ষেপ নেয়।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শতাধিক মানুষ, যাদের অনেকেই দগ্ধ অবস্থায় সংকটাপন্ন।





