আতিফ আসলামের ঢাকায় ১৩ ডিসেম্বরের কনসার্ট হঠাৎ বাতিল হয়ে যাওয়ার পর আয়োজকদের প্রস্তুতি ও অনুমতি সংগ্রহের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনপ্রিয় এই পাকিস্তানি গায়ক সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করলেও আয়োজকদের নীরবতা ক্ষোভ বাড়িয়েছে বহু দর্শকের মধ্যে।
এদিকে অনুষ্ঠানের টিকিট কিনে রাখা ভক্তরা সামাজিক মাধ্যমে লিখেছেন, বারবার কনসার্ট বাতিল হওয়ায় তারা বিব্রত ও হতাশ। অনেকেই জানিয়েছেন, টিকিট ফেরত পাওয়া নিয়ে তারা অনিশ্চয়তায় আছেন।
সরকারি সূত্রে জানা গেছে, আয়োজকেরা প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র ও অন্যান্য অনুমোদন সময়মতো নিশ্চিত করতে পারেননি। কিছু অপরিহার্য নথি এখনো অসম্পূর্ণ থাকায় শেষ মুহূর্তে অনুমতি বাতিল হয়।
‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’ নামে দুই প্রতিষ্ঠান মিলেই আয়োজনের উদ্যোগ নিয়েছিল। তবে কনসার্ট বাতিলের পরও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় প্রশ্ন উঠেছে পরিকল্পনা ও ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে।
একাধিক ইভেন্ট ব্যবস্থাপনা বিশেষজ্ঞ বলছেন, বড় শিল্পীর আন্তর্জাতিক কনসার্ট আয়োজনের ক্ষেত্রে অনুমতি ও নিরাপত্তার প্রস্তুতি সময়মতো নিশ্চিত করা জরুরি। তা না হলে দর্শক, শিল্পী ও আয়োজক-তিনপক্ষই ক্ষতিগ্রস্ত হয়।





