ঢাকা-৮ আসন থেকে ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী নির্বাচিত হলে এই এলাকায় সৌদি আরবের মদিনার সমাজের মতো একটি সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এই অঙ্গীকার করেন।

গণসংযোগের শুরুতে নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় তার আসনের প্রার্থী ও আন্দোলনে নিহত শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। তিনি বলেন, “ওসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে।”

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি দল। এনসিপি ও জামায়াত দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান, সবাইকে সহাবস্থানে থেকে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

জিয়ারতের পর শাহবাগ এলাকায় গিয়ে তিনি ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও অভিযোগ শুনেন।

ঢাকা-৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আসনে ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।