আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মনোনয়নপত্র দাখিলের পর তিনি বলেন, “নতুন প্রজন্মের ভোট বিএনপির পক্ষে যাবে। নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে, তবে তারেক রহমান নির্বাচিত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তার নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতাও ফিরে আসবে।”

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

একই দিনে তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও মনোনয়নপত্র জমা দেবেন। দুপুর ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং স্থানীয় নেতারা।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, আর আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।