রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

\r\n

শরিফুল ইসলাম জানান, রাজধানী ও আশপাশের এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি এই পদক্ষেপ নিয়েছে।

\r\n

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি বলেন, “আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকাও থেকে বাদ দিয়েছে।”

\r\n

ড. ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

\r\n

দুই নেতা বৈঠকে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ভোটার উপস্থিতি ব্যাপক হবে এবং লাখো তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে।”

\r\n

বৈঠকে ঢাকা ও লন্ডনের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে।

\r\n

মন্ত্রী চ্যাপম্যান দুই দেশের মধ্যে বিমান চলাচল খাতে আরও দৃঢ় সম্পর্ক গড়ার আহ্বান জানান। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।