জেলার সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে বিএসএফের গুলিতে আব্দুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় ভারতের অভ্যন্তর থেকে লাশ বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত আব্দুর রহমান উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানিয়েছেন, শুক্রবার কোনো এক সময় আব্দুর রহমানসহ ৪-৫ জন ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এই সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে আব্দুর রহমান মারা যান।
স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহমান ও অন্যান্যরা চোরাই পথে মালামাল আনতে ভারতে প্রবেশ করেছিলেন। ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। আহতরা বাংলাদেশে ফিরে এসেছেন; তাদের মধ্যে রয়েছেন জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।
\r\n\r\n\r\n
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার সাংবাদিকদের জানিয়েছেন, লাশ শনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর হস্তান্তর প্রক্রিয়া চলছে।





